নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ:
ময়মনসিংহে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ইসা ফকির (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে নগরীর পাটগুদাম ব্রীজ, বাংলাদেশ-চীন মৈত্রী সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইসা ফকির ময়মনসিংহ সদর উপজেলার গোবদ্দিয়া গ্রামের মৃত শাহ সুফি নাজিম উদ্দিন ফকিরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব জানান, নগরীর পাটগুদাম বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা এম.কে সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাস কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। সন্ধ্যা ছয়টার দিকে বাসটি টার্মিনালের কাছাকাছি পাটগুদাম ব্রীজ এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মো. ইসা ফকির নিহত হন।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ট্রাফিক ও থানা পুলিশের প্রায় এক ঘণ্টার চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

