মো: আবুল মনসুর, ময়মনসিংহ প্রতিনিধি :
সরকার ঘোষিত “সমন্বিত সার ডিলার নিয়োগ ও সার ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫” নিয়ে তীব্র উদ্বেগ ও আপত্তি জানিয়ে ময়মনসিংহে মানববন্ধন করেছে খুচরা সার বিক্রেতারা। নতুন নীতিমালায় খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিতের সিদ্ধান্তে দেশজুড়ে প্রায় ৪৪ হাজার বিক্রেতার জীবিকা হুমকির মুখে পড়বে বলে দাবি করেছেন তারা।
রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ, ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক খুচরা সার বিক্রেতা অংশ নেন। এ সময় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা নীতিমালা ২০২৫ সংশোধনের জোর দাবি জানান।
বক্তারা বলেন, খুচরা সার বিক্রেতারা গত ৩০ বছরেরও বেশি সময় ধরে ব্যাংক ঋণ নিয়ে মাঠপর্যায়ের কৃষকদের কাছে সার পৌঁছে দিয়ে আসছেন। হঠাৎ করে সনদ স্থগিত এবং নতুন নীতিমালার কঠোর ও জটিল শর্ত আরোপের ফলে বহু পরিবার আজ চরম অর্থনৈতিক অনিশ্চয়তায় পড়েছে। এতে শুধু বিক্রেতারাই নয়, ক্ষতির মুখে পড়বেন সাধারণ কৃষকরাও।
মানববন্ধনে অংশ নেওয়া একাধিক বিক্রেতা বলেন, “আমরা বছরের পর বছর সরকার নির্ধারিত নিয়ম মেনে সার বিক্রি করেছি। এখন যদি হঠাৎ আমাদের সরে যেতে বলা হয়, তাহলে পরিবার পরিজন নিয়ে আমরা পথে বসবো। এতে সার বিতরণ ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে।”

মানববন্ধন থেকে চার দফা দাবি জানানো হয়
১) খুচরা সার বিক্রেতাদের বর্তমান অবস্থান বহাল রাখতে হবে,
২) আইডি কার্ডধারী বিক্রেতাদের সার বিতরণের সুযোগ নিশ্চিত করতে হবে,
৩) টি.ও লাইসেন্স কার্যকর রেখে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে সার বিক্রি চালু রাখতে হবে এবং
৪) নীতিমালা ২০২৫-এ খুচরা বিক্রেতাদের ভূমিকা সুস্পষ্টভাবে অন্তর্ভুক্ত করতে হবে।
কর্মসূচি শেষে সংগঠনের নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি সচিব বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত নীতিমালা সংশোধন না করা হলে ভবিষ্যতে কঠোর আন্দোলন, কর্মবিরতি এমনকি সার সরবরাহ বন্ধের মতো কর্মসূচি দিতে বাধ্য হবেন।
খুচরা বিক্রেতাদের মতে, সরকার দ্রুত বাস্তবসম্মত ও মাঠপর্যায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত না নিলে আগামী মৌসুমে সার সংকট দেখা দিতে পারে, যা দেশের সামগ্রিক কৃষি উৎপাদন ব্যবস্থায় মারাত্মক প্রভাব ফেলবে।




