মনোনয়ন পরিবর্তনের দাবিতে গফরগাঁওয়ে উত্তেজনা: রেললাইনে আগুন, ঢাকা–ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ

0
219

মো: আবুল মনসুর, ময়মনসিংহ:
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভকারীরা রেলপথে অগ্নিসংযোগ করে রেললাইন অবরোধ করেছেন। পাশাপাশি পৌর শহরের প্রধান সড়কসহ অন্তত অর্ধশতাধিক স্থানে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়েছে। এতে পৌর এলাকার সকল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় এবং গফরগাঁও–ভালুকা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। রেলপথে আগুন দেওয়ায় ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার শিবগঞ্জ রোড রেলক্রসিং ও পৌর শহরের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিএনপির একাংশের নেতাকর্মীরা ঘোষিত প্রার্থী মো. আক্তারুজ্জামান বাচ্চুর মনোনয়ন বাতিলের দাবিতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটান। এতে রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় ও পুরো পৌর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গফরগাঁও রেলওয়ে থানার উপপরিদর্শক আবুল বাশার বলেন, “রেললাইনে আগুন দেওয়ার ঘটনায় ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।”
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, “মনোনয়ন পরিবর্তনের দাবিতে কয়েক স্থানে টায়ার জ্বালানোর ঘটনা ঘটেছে। পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।”
এর আগে শনিবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গফরগাঁও আসনে মো. আক্তারুজ্জামান বাচ্চুকে প্রার্থী হিসেবে ঘোষণা করার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মনোনয়নবঞ্চিত প্রার্থী মুশফিকুর রহমান অভিযোগ করেন, ঘোষিত প্রার্থী অযোগ্য হওয়ায় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে। অন্যদিকে আরেক মনোনয়নবঞ্চিত প্রার্থী সিদ্দিকুর রহমান বলেন, দলের হাইকমান্ডের সিদ্ধান্ত সঠিক হয়নি, এতে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here