ফুলবাড়িয়ায় পারিবারিক কলহ রূপ নিল ট্র্যাজেডিতে, নিহত ৮৫ বছরের বৃদ্ধ

0
196

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ছেলের লাঠির আঘাতে হোসেন আলী (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার ছেলে ও নাতিকে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার রাধাকানাই ইউনিয়নের খালইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন— নিহতের ছেলে ভ্যানচালক রফিকুল ইসলাম এবং নাতি ইব্রাহিম খলিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হোসেন আলীর সঙ্গে তার ছেলে রফিকুল ইসলামের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন পানির ট্যাংক নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের দাবি, এ সময় ছেলে ও নাতি বাঁশের লাঠি দিয়ে তাকে এলোপাথাড়ি মারধর করেন। এতে গুরুতর আহত হয়ে হোসেন আলী ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং মারা যান।

তবে পুলিশ বলছে, প্রাথমিকভাবে নিহতের শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাঈদ বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, “ঘটনার সঙ্গে জড়িতদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here