ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মাহবুব আলম (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার চরহোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. মাহবুব আলম একই উপজেলার বড়হিত ইউনিয়নের বড় ডাংরী গ্রামের আব্দুল কদ্দুসের ছেলে। তিনি ঈশ্বরগঞ্জ পৌর শহরে ‘রতন মেডিকেল হল’ ফার্মেসিতে চাকুরী করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ডিউটি শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মাহবুব আলম। রাত ৯টার দিকে চরহোসেনপুর এলাকার ভূঁইয়া ফিলিং স্টেশন পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন মাহবুব। এমতাবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পিকআপ ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




