ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটগ্রহণের অপেক্ষা, প্রস্তুত ময়মনসিংহের প্রশাসন

0
181

তফসিল ঘোষণা, প্রতীক বরাদ্দ এবং জমজমাট নির্বাচনী প্রচার-প্রচারনার মধ্য দিয়ে শেষ হয়েছে সব জল্পনা-কল্পনা। এখন অপেক্ষা শুধু ভোটগ্রহণের। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক ভোটগ্রহণ নিশ্চিত করতে ময়মনসিংহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

download


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নানা আলোচনা ও শঙ্কা। তবে প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের জমজমাট নির্বাচনী প্রচার-প্রচারনায় ধীরে ধীরে কেটে যায় সেই অনিশ্চয়তা। এখন ভোটারদের দৃষ্টি নিবদ্ধ ভোটের দিনের দিকে।
ভোটগ্রহণকে সামনে রেখে ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনে উপজেলা পর্যায়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচন শুরুর আগে প্রতিটি ভোটকেন্দ্রে পাঠানো হবে ব্যালট পেপার, সিল ও ব্যালট বক্স।
জেলা প্রশাসক সাইফুর রহমান জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং মাঠ পর্যায়ে কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকিতে থাকবেন।
নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহ জেলায় নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি সংসদীয় আসনে দায়িত্ব পালন করবেন দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। পুরো জেলায় মোতায়েন থাকবে ৩ হাজার ২১৭ জন পুলিশ সদস্য। এছাড়াও ১১টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোটের দিন মাঠে সক্রিয় থাকবেন।
পুলিশ সুপার মিজানুর রহমান জানান, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
ময়মনসিংহ জেলার ১১টি আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১ হাজার ৩৬৫টি। এর মধ্যে ৫৮৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া ১০৮টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।
প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন ১৩ জন আনসার সদস্য ও ২ জন পুলিশ সদস্য। প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় থাকবেন একজন অস্ত্রধারী আনসার সদস্য। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে ৪০টি স্ট্রাইকিং ফোর্স।

download 2


এবার ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৬৭ জন প্রার্থী। জেলার মোট ভোটার সংখ্যা ৪৭ লাখ ৬৪ হাজার ৯৯ জন।
নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতির মধ্য দিয়ে ভোটের দিন ঘিরে জেলায় এখন বিরাজ করছে এক ধরনের প্রতীক্ষা। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও শান্তিপূর্ণ পরিবেশেই নির্ভর করছে এবারের নির্বাচনের সাফল্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here