ময়মনসিংহ প্রতিনিধি
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ নিয়েছেন ময়মনসিংহের বিশজন তরুন তরুনী । দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে অনলাইন মাধ্যমের ব্যবহার, সুবিধা ও ঝুঁকির পাশাপাশি তথ্যপ্রযুক্তির বর্তমান প্রবণতা নিয়ে আলোচনা করা হয়।
ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি)-এর SPRE প্রকল্পের সহায়তায় জনউদ্যোগ যুব গ্রুপের সদস্যদের নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে তথ্যপ্রযুক্তির পরিবর্তন ও এআইয়ের ব্যবহার নিয়ে আলোচনা করেন ফ্যাসিলিটেটর কাজী মোহাম্মদ মোস্তফা। তিনি বলেন, বর্তমান সময়ে যার কাছে যত বেশি তথ্য রয়েছে, তার জ্ঞান ও কাজের সুযোগও তত বাড়ছে। ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে বিশ্ব দ্রুত এআইনির্ভর হয়ে উঠছে। এআইয়ের মাধ্যমে মানুষের কাছে বিশ্বের নানা তথ্য ও সেবা সহজে পৌঁছে যাচ্ছে। তাই প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে যুবকদেরও দক্ষ হয়ে উঠতে হবে।
প্রশিক্ষণের ব্যবহারিক অংশে আইইডি ময়মনসিংহ কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক নূর নাহার বেগমের পরিচালনায় দলগুলো বিভিন্ন অনলাইন মাধ্যমের নাম, ব্যবহার, ইতিবাচক দিক ও সম্ভাব্য ঝুঁকি নিয়ে আলোচনা করে।
দলীয় কাজের মাধ্যমে অংশগ্রহণকারীরা অনলাইন মাধ্যমের বিভিন্ন ব্যবহার এবং এর ইতিবাচক দিক তুলে ধরেন। একই সঙ্গে অনলাইনভিত্তিক তথ্য ও যোগাযোগ ব্যবস্থার সম্ভাব্য ঝুঁকি নিয়েও আলোচনা করেন তারা। পরে দলগুলো নিজেদের কাজ উপস্থাপন করে।

প্রশিক্ষণে বক্তৃতার পাশাপাশি দলীয় কাজ ও প্রেজেন্টেশনের মাধ্যমে যুবকদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। এতে প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি তথ্য বিশ্লেষণ, মতামত প্রকাশ ও দলগতভাবে কাজ করার সুযোগ পান অংশগ্রহণকারীরা।
প্রশিক্ষণে তথ্য ও প্রযুক্তি বিষয়ে ফ্যাসিলিটেটর হিসেবে ছিলেন জনউদ্যোগ ময়মনসিংহ কমিটির সদস্য ও গাজী টিভির ময়মনসিংহ জেলা প্রতিনিধি কাজী মোহাম্মদ মোস্তফা। প্রশিক্ষক হিসেবে ছিলেন আইইডি ময়মনসিংহ কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক নূর নাহার বেগম। প্রশিক্ষণটি সমন্বয় করেন আইইডি ময়মনসিংহ কেন্দ্রের উন্নয়ন কর্মকর্তা ও জনউদ্যোগ ময়মনসিংহ কমিটির সদস্য সচিব কাজী শাখাওয়াত হোসেন।

