ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
411

ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক দুটি অভিযানে ইয়াবা ও নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে মোট ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রথম অভিযান:
ডিবির এসআই (নিঃ) আলমগীর কবির সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহের ফুলপুর থানার কারাহা এলাকার পালকি কমিউনিটি সেন্টার অ্যান্ড রেস্টুরেন্টের প্রধান ফটকের সামনে থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। রবিবার (১৫ মার্চ) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

গ্রেফতারকৃতরা হলেন— মো. শান্ত মিয়া (২৬), পিতা মৃত সাইফুল ইসলাম, মাতা মোছা. নুরুন্নাহার, গ্রাম কাতুলি এবং মো. মুনতাসির ইকবাল (৩৮), পিতা মৃত ফজলুল করিম, মাতা রাবেয়া খাতুন, গ্রাম কারাহা। উভয়ের বাড়ি ফুলপুর থানায়।

দ্বিতীয় অভিযান:
ডিবির এসআই (নিঃ) মো. তোয়াবুল ইসলাম খান সংগীয় অফিসার ও ফোর্সসহ পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভা গেটের সামনে থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। একই দিন রাত ৮টা ৪৫ মিনিটে চালানো এ অভিযানে তাদের কাছ থেকে ১০০টি নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

গ্রেফতারকৃতরা হলেন— মো. শহিদুল ইসলাম (৪৩), পিতা মৃত আব্দুল হাকিম, মাতা মোছা. সুফিয়া, গ্রাম দরগারপাড় এবং মো. নুরুল ইসলাম (৩৫), পিতা মোসলিম উদ্দিন, মাতা মোছা. নূরজাহান, গ্রাম মনিরামবাড়ি। তাদের বাড়িও মুক্তাগাছা থানায়।

এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে গ্রেফতার চারজনের বিরুদ্ধে ফুলপুর ও মুক্তাগাছা থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা মনে করছেন। একই সঙ্গে মাদকবিরোধী অভিযানে পুলিশের এমন তৎপরতায় আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here