খাল পরিদর্শনে মসিক প্রশাসক: বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে জোর তৎপরতা, অবৈধ দখল উচ্ছেদের হুঁশিয়ারি

0
171

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ | রবিবার, ৫ এপ্রিল ২০২৬
আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে ময়মনসিংহ নগরীর জলাবদ্ধতা নিরসনে খাল সংস্কার কার্যক্রম জোরদার করেছে সিটি কর্পোরেশন। তবে এই উদ্যোগের বড় বাধা হিসেবে উঠে এসেছে খাল দখল করে গড়ে ওঠা অসংখ্য অবৈধ স্থাপনা।
এ প্রেক্ষাপটে নগরীর আকুয়া খাল পরিদর্শন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রোকনুজ্জামান রোকন। রোববার বিকেলে নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের দিঘারকান্দা বাইপাস মোড় এলাকায় খাল খনন ও পুনরুদ্ধার কাজ সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে দেখা যায়, খালের বিভিন্ন অংশে দখল করে গড়ে উঠেছে ঘরবাড়ি, দোকানপাটসহ নানা স্থাপনা, যা স্বাভাবিক পানি প্রবাহে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়ে নগরবাসীর দুর্ভোগ বাড়ছে।

Screenshot 2026 04 05 204048

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রশাসক বলেন, “এই মুহূর্তে নগরবাসীকে পুরোপুরি জলাবদ্ধতা মুক্ত করা সম্ভব না হলেও পরিস্থিতি সহনীয় পর্যায়ে আনতে আমরা কাজ করে যাচ্ছি। বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের জন্য খালগুলো সংস্কার ও পুনঃখনন করা হচ্ছে।”
অবৈধ দখলের বিষয়ে তিনি কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, “যারা খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। খাল দখলমুক্ত না করলে কোনো উন্নয়নই টেকসই হবে না।”
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, খাল পুনরুদ্ধার কার্যক্রমের পাশাপাশি দখলদারদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে খালগুলোকে দখলমুক্ত করে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

নগরবাসীর প্রত্যাশা, বাস্তবেই যদি দখলমুক্ত করা যায়, তবে বর্ষায় জলাবদ্ধতার দুর্ভোগ থেকে কিছুটা হলেও স্বস্তি মিলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here