নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩৫ বোতল বিদেশি মদ ও একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাদক ব্যবসায়ী পলাতক রয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) রাত প্রায় ৮টা ৪৫ মিনিটে ঈশ্বরগঞ্জ থানাধীন কুমুরিয়ার চর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা এবং অটোরিকশাটির মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, কুমুরিয়ার চর মধ্যপাড়া এলাকার বাসিন্দা মো. এরশাদ মিয়া (৩৫) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে তার দুচালা টিনসেট অটো গ্যারেজে অভিযান চালিয়ে ৩৫ বোতল বিদেশি মদ ও একটি অটোরিকশা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় তিনি পালিয়ে যান।
এ ঘটনায় পলাতক আসামি এরশাদ মিয়ার বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। একই সঙ্গে এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের জন্যও অভিযান চালানো হচ্ছে।
জেলা গোয়েন্দা পুলিশের এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।





