সিরাজগঞ্জ-এর রায়গঞ্জ উপজেলায় একটি খাস পুকুর দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে বিএনপির সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত হয়েছেন।
সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়ন-এর গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন—গোয়ালপাড়া গ্রামের মৃত মমছের আলীর ছেলে ইসমাইল (৭০) এবং মৃত ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৬০)।
ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রমজান আলী জানান, দীর্ঘদিন ধরে পুকুরটি আওয়ামী লীগ সমর্থকরা চাষাবাদ করছিলেন। ৫ আগস্টের পর আবু বক্কার সিদ্দিক পুকুরটি লিজ নেন। তবে মাছ ধরতে গেলে আওয়ামী লীগের আছমত আলী ও তার লোকজন বাধা দেন। সোমবার সকালে মাছ ধরাকে কেন্দ্র করে হামলায় দুইজন নিহত হন বলে তিনি দাবি করেন। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।
আওয়ামী লীগ নেতাকর্মীরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
রায়গঞ্জ থানার ওসি মো. গোলাম কিবরিয়া বলেন, গোয়ালপাড়া গ্রামের প্রায় ৫ বিঘা আয়তনের খাস পুকুর নিয়ে আওয়ামী লীগ সমর্থক আছমত আলী ও বিএনপি নেতা আবু বক্কার সিদ্দিকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আছমত আলী প্রায় ১৫/১৬ বছর ধরে মসজিদের নামে লিজ নিয়ে পুকুরটি ভোগদখল করছিলেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর আবু বক্কার সিদ্দিক তিন বছরের জন্য পুকুরটি লিজ নেন। সোমবার সকালে তার লোকজন মাছ ধরতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। হাসুয়া, দা ও লাঠিসোঁটা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আওয়ামী লীগ সমর্থিত ৪ জন ও বিএনপি সমর্থিত ৭ জন গুরুতর আহত হন।
৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন ইসমাইল এবং সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল-এ চিকিৎসাধীন আব্দুস সালামের মৃত্যু হয়।
ওসি আরও জানান, একই পুকুর দখল নিয়ে ২০০৭ সালেও এক ব্যক্তি নিহত হয়েছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খান বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




