আই ক্যান্ট ব্রিদ: নিঃশ্বাসরুদ্ধ বাস্তবতার মঞ্চায়ন

0
171

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আগামী ২৮ সেপ্টেম্বর, শুক্রবার সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হতে যাচ্ছে অনসাম্বল থিয়েটার ময়মনসিংহ-এর আলোচিত প্রযোজনা “আই ক্যান্ট ব্রিদ”। সংগঠনের ৪৬তম প্রযোজনার এটি হবে ৬ষ্ঠ মঞ্চায়ন।

WhatsApp Image 2025 09 26 at 18.53.12 9c50ca16

নাটকটির রচয়িতা ও নির্দেশক বায়োগ্রাফিক্যাল নাট্যকার জুয়েল কবির। একক অভিনয়ে মঞ্চ মাতাবেন অনসাম্বল থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি ও নাট্যকর্মী মো. আবুল মনসুর।

প্রতিষ্ঠার প্রায় দুই দশকে দাঁড়িয়ে অনসাম্বল থিয়েটার ময়মনসিংহের নাট্যাঙ্গনে এক ঐতিহাসিক ধারার নাম। এখন পর্যন্ত তারা ৪৮ টি নাটক মঞ্চে এনেছে, যেখানে প্রতিবাদ, সংস্কৃতির মুক্তি আর মানুষের সত্য উচ্চারণকে স্থান দেওয়া হয়েছে। এর মধ্যে “আই ক্যান্ট ব্রিদ” হয়ে উঠেছে সংগঠনের নতুন মাইলফলক।

একক অভিনয়ভিত্তিক নাটক মঞ্চায়ন সহজ কাজ নয়। আলো, শব্দ, সঙ্গীত ও মঞ্চসজ্জার সঙ্গে প্রতিটি মুহূর্তের আবেগ ধারণ করে দর্শকের সামনে জীবন্ত করে তুলেছেন আবুল মনসুর। নাটকটির প্রতীকী সংলাপ ও অভিনয় দর্শকদের ভেতর-বাহির একসাথে নাড়িয়ে দেয়।

বর্তমান সময়ে বৈষম্য, দুর্নীতি, সামাজিক ও মানসিক নিঃশ্বাসরোধের বাস্তবতাকে নাটকটি তুলে ধরেছে। “আই ক্যান্ট ব্রিদ” মানুষের যন্ত্রণা ও প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে। নাটকটির প্রতিটি সংলাপ যেন আজকের সময়ের দলিল, যেখানে প্রশ্ন উঠে; আমরা কি সত্যিই মুক্তভাবে বাঁচতে পারছি?

WhatsApp Image 2025 09 26 at 18.53.12 e343db22

প্রথম মঞ্চায়নের দিন থেকেই নাটকটি দর্শকমনে তুমুল আলোড়ন তোলে। এক নাট্যবোদ্ধার ভাষায়,
“এটি শুধু নাটক নয়, যেন নিঃশ্বাস নিতে না-পারা মানুষের জীবন্ত চিৎকার শুনলাম! এটি আমাদের জীবনের আয়না।”

অনসাম্বল থিয়েটার জানিয়েছে, “আই ক্যান্ট ব্রিদ” কেবল রাজধানী বা বড় শহরে সীমাবদ্ধ থাকবে না। শিগগিরই দেশের ৬৪ জেলায় ধারাবাহিকভাবে মঞ্চায়নের পরিকল্পনা রয়েছে। এজন্য তারা আর্থিক সহযোগিতার আহ্বান জানিয়েছে।

বাংলাদেশের নাট্য ইতিহাসে বিরল এই উদ্যোগ সারা দেশে একযোগে প্রতিধ্বনিত করবে মানুষের মুক্ত নিঃশ্বাসের দাবি। আগামী ২৮ সেপ্টেম্বরের প্রদর্শনী হয়ে উঠবে দর্শক, নাটক ও সমাজের এক সম্মিলিত অভিজ্ঞতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here