অধিগ্রহণের ক্ষতিপূরণের ২ কোটি ৯৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের দাবি

0
86

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

অধিগ্রহণকৃত সম্পত্তির ক্ষতিপূরণের ২ কোটি ৯৩ লাখ টাকা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ তুলে রাজধানীতে জরুরি সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা অভিযোগ করেন, প্রকৃত দাবিদারদের বঞ্চিত করে জাল কাগজপত্র ব্যবহার করে ক্ষতিপূরণের অর্থ উত্তোলন করা হয়েছে। তাদের দাবি, হারুন ও ইব্রাহিম নামে দুই ব্যক্তি ভুয়া কাগজপত্রের মাধ্যমে ওই অর্থ গ্রহণ করেছেন।

বক্তারা জানান, এ ঘটনায় উচ্চ আদালতে রিট এবং দেওয়ানি মামলা বিচারাধীন রয়েছে। তারা আদালতের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভাষ্য, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ জানিয়েও তারা কোনো কার্যকর প্রতিকার পাননি। এ কারণে বিষয়টি জনসম্মুখে তুলে ধরতেই তারা সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

তারা সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচারিক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অভিযোগের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে এবং অভিযোগে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

প্রসঙ্গত, এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন, তাই অভিযোগগুলোর সত্যতা আদালতের সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here