নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ, বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬):
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজনন নিয়ন্ত্রণে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) নগরজুড়ে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম জোরদার করেছে।
মসিক প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকনের নেতৃত্বে পরিচালিত এ কর্মসূচিতে নগরীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয় তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে মশার বংশবিস্তার রোধে গুরুত্বপূর্ণ স্থানে ফগিং কার্যক্রম চালানো হয়।
এ সময় উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মসিক প্রশাসক জানান, নগরীর ৩৩টি ওয়ার্ডেই নিয়মিত মশক নিধন কার্যক্রম চলছে। বিশেষ করে গত বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি ছিল এমন এলাকা—বাউন্ডারী রোড, চরপাড়া এবং ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোতে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগম বেশি হওয়ায় ঝুঁকিও তুলনামূলক বেশি।
তিনি আরও জানান, সিটি কর্পোরেশন নিয়মিতভাবে ড্রেন, খাল ও অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার করছে। বর্তমানে ৫০ জন স্থায়ী মশক নিধন কর্মীর পাশাপাশি দৈনিক মজুরির ভিত্তিতে আরও ২৫ জন কর্মী নিয়োজিত রয়েছেন। ডেঙ্গু নিয়ন্ত্রণই সিটি কর্পোরেশনের সর্বোচ্চ অগ্রাধিকার বলে উল্লেখ করেন তিনি।
মসিক প্রশাসক বলেন, নিয়মিত ফগিংয়ের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে নগরবাসীকেও নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ করে মশার প্রজননস্থল ধ্বংসে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।




