ময়মনসিংহে অগ্রণী ব্যাংকের ‘বাংলা কিউআর’ প্রচারণায় মতবিনিময় সভা ও র‍্যালি

0
190
oplus_2

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলা কিউআর (Bangla QR) ব্যবহারের প্রচারণা জোরদার করতে ময়মনসিংহে অগ্রণী ব্যাংক পিএলসি. একটি মতবিনিময় সভার আয়োজন করেছে।
বুধবার (১৫ জুলাই ২০২৬) সকালে নগরীর ছোটবাজারে অগ্রণী ব্যাংক চত্বরে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, ময়মনসিংহ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. আবু বকর সিদ্দিক।
অগ্রণী ব্যাংক পিএলসি.-এর ময়মনসিংহ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সার্কেল সচিবালয়ের উপ-মহাব্যবস্থাপক হোসনে আরা খানম ও মো. আইয়ুব আলী। এছাড়াও ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গ্রাহক ও স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, ডিজিটাল লেনদেনকে সহজ, নিরাপদ ও সাশ্রয়ী করতে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের প্রতিটি স্তরে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ব্যাংক, ব্যবসায়ী ও গ্রাহকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও তারা উল্লেখ করেন।
আয়োজকরা জানান, সাধারণ ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করতেই এ ধরনের প্রচারণামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি ছোটবাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ব্যাংক চত্বরে এসে শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here