নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
ময়মনসিংহে রোটারি ক্লাবের উদ্যোগে অসহায় ও রোগাক্রান্ত মানুষের সহায়তায় হুইলচেয়ার ও নেবুলাইজার কিট বিতরণ করা হয়েছে। একই সঙ্গে আয়োজিত হয় প্রেসের সঙ্গে মতবিনিময় সভা।
বুধবার (০১ জুলাই ২০২৬) সন্ধ্যায় ময়মনসিংহ প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব ময়মনসিংহের সভাপতি মনছুর আহমেদ চন্দন। অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি প্রশাসক রুকুনোজ্জামান রোকন, জেলা প্রশাসক সাইফুর রহমান, অত্র ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামানসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও চিকিৎসাসেবায় পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়াতে রোটারি ক্লাব দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৬৪, বাংলাদেশের আওতাধীন এই ক্লাবের উদ্যোগে বিতরণ করা হুইলচেয়ার ও নেবুলাইজার কিট স্থানীয় অসহায় রোগীদের চিকিৎসা সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
প্রেসের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আয়োজকরা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানানো হয়।




