সরকারের অগ্রাধিকার কর্মসূচির জনমুখিতা তুলে ধরে ময়মনসিংহে তথ্য অফিসের প্রেস ব্রিফিং

0
134

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

বর্তমান সরকারের অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন কর্মসূচির জনমুখী দিক তুলে ধরতে ময়মনসিংহ জেলা তথ্য অফিস এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন উদ্যোগের সুবিধা ও কার্যকারিতা সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়।

ব্রিফিংয়ে গণযোগাযোগ অধিদপ্তরের অধীন জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ বলেন, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড, খাল খনন ও পুনঃখনন, নারীদের জন্য বিশেষ পরিবহন এবং বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব কর্মসূচির উপকারিতা জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকেরা একাধিক সুবিধা পাচ্ছেন। এর মধ্যে রয়েছে সরকারি ভর্তুকি ও প্রণোদনা প্রাপ্তি, সহজ শর্তে কৃষিঋণ, ভর্তুকি মূল্যে সেচ সুবিধা, আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ, কৃষি বীমা, বাজার তথ্য ও আবহাওয়ার পূর্বাভাস প্রাপ্তি এবং কৃষকের পরিচয়ের স্বীকৃতি নিশ্চিতকরণ।

WhatsApp Image 2026 06 30 at 10.59.40 PM 1

কৃষিঋণ মওকুফ প্রসঙ্গে তিনি বলেন, সরকার শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে ১০ হাজার টাকা পর্যন্ত মূল ঋণ এবং এর ওপর আরোপিত সুদ মওকুফ করেছে। এতে দেশের প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক সরাসরি উপকৃত হচ্ছেন।

ফ্যামিলি কার্ড কর্মসূচিকে একটি ডিজিটাল সামাজিক নিরাপত্তা উদ্যোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে নিম্নআয়ের পরিবারগুলোকে মাসিক নগদ সহায়তা দেওয়া হচ্ছে এবং টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হচ্ছে।

পরিচালক আরও বলেন, খাল খনন ও পুনঃখনন কর্মসূচি কৃষি ও পরিবেশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এটি সেচ সুবিধা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন, বন্যা নিয়ন্ত্রণ এবং ভূগর্ভস্থ পানির স্তর উন্নয়নে সহায়ক ভূমিকা রাখছে। একইসঙ্গে স্থানীয় পর্যায়ে মাছ চাষ ও জীববৈচিত্র্য সংরক্ষণেও এটি কার্যকর।

বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, অক্সিজেন সরবরাহ, কার্বন ডাই-অক্সাইড শোষণ, ভূমিক্ষয় রোধ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

নারীদের জন্য নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার ‘পিংক বাস সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, এ সেবায় চালক, হেল্পার ও সুপারভাইজারসহ সব পর্যায়ে নারী কর্মী নিয়োজিত থাকবেন। এতে নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত হবে।

ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের আঞ্চলিক তথ্য অফিস, ময়মনসিংহের উপপ্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মো. মাসুদ মিয়া এবং জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আফসানা ফেরদৌস মিষ্টি উপস্থিত ছিলেন। এছাড়া ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ কাইয়ূমসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

ব্রিফিং শেষে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং সাংবাদিকরা প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here