নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ:
ময়মনসিংহ নগরীতে গ্যাস সিলিন্ডার লিকেজের ঘটনায় তীব্র গ্যাসের গন্ধে অন্তত ৪৫ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।
সোমবার (২৯ জুন) সন্ধ্যায় নগরীর গোলপুকুর পাড় এলাকায় মৈত্রী টাওয়ারের পাশে একটি পুরাতন গ্যাস সিলিন্ডার কাটার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের এলাকায় গ্যাস লিকেজ হয়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে বহুতল ভবনের বাসিন্দারা দ্রুত রাস্তায় নেমে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিরাপত্তার স্বার্থে সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিদর্শক (এসআই) জবায়দুল হক জানান, গ্যাসের তীব্র গন্ধে অসুস্থ হয়ে ৪৫ জন ইমার্জেন্সিতে ভর্তি হন। তাদের মধ্যে ২৯ জনকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে এবং একজনকে আইসিইউতে নেওয়া হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। অসুস্থদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. জানে আলম বলেন, কাজ করার সময় সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে বিকট শব্দের সৃষ্টি হয়। তবে কোনো অগ্নিকাণ্ড ঘটেনি। সিলিন্ডার লিকেজের কারণে আশপাশের এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ে, যার তীব্র গন্ধে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাস উদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকনুজ্জামান রোকন। তিনি বলেন, আবাসিক এলাকায় এ ধরনের ঝুঁকিপূর্ণ দোকান কীভাবে গড়ে উঠেছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের অভিযোগ, জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের ঝুঁকিপূর্ণ কার্যক্রম চলায় যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।




