ময়মনসিংহে জাল নোটসহ যুবক আটক, পালিয়েছে নারী সহযোগী

0
154

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ী ইউনিয়নে জাল নোটসহ নিজাম এলাহি মিজান (৩০) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে আঠারোবাড়ী বাজারে কেনাকাটার সময় ব্যবসায়ীরা তাকে হাতেনাতে আটক করেন। এসময় তার কাছ থেকে ২২ হাজার ৪০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

আটক নিজাম এলাহি মিজান তারাকান্দা উপজেলার দুগাতি গ্রামের মো. হাসমত আলির ছেলে। তিনি তারাকান্দার বঙ্গবন্ধু কলেজ সংলগ্ন এলাকায় বসবাস করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিজান এক নারী সহযোগীকে সঙ্গে নিয়ে আঠারোবাড়ী বাজারের শুঁটকি ব্যবসায়ী দুলাল মিয়ার দোকানে যান। তারা দুজনে ৫০ টাকার করে শুঁটকি কিনে দুলাল মিয়াকে দুটি ৫০০ টাকার নোট দেন। পরে দুলাল মিয়া তাদের ৪৫০ টাকা করে ফেরত দেন।

তারা চলে যাওয়ার পরপরই দুলাল মিয়ার সন্দেহ হয় এবং তিনি বুঝতে পারেন নোট দুটি জাল। তখন তিনি চিৎকার শুরু করলে ওই যুবক ও তার নারী সহযোগী দ্রুত পালানোর চেষ্টা করেন। এসময় বাজারের অন্যান্য ব্যবসায়ীরা ধাওয়া করে মিজানকে আটক করতে সক্ষম হন। তবে তার সঙ্গে থাকা নারী সহযোগী ভিড়ের মধ্যে পালিয়ে যান।

ভুক্তভোগী ব্যবসায়ী দুলাল মিয়া বলেন, একজন পুরুষ ও একজন মহিলা আমার দোকানে এসে ৫০ টাকার শুঁটকি চান। পণ্য দেওয়ার পর তারা আমাকে ৫০০ টাকার দুটি নোট দেন। আমি টাকা ফেরত দেওয়ার কিছুক্ষণ পরই বুঝতে পারি নোটগুলো আসল নয়। আমি ডাক দিলে তারা দ্রুত পালানোর চেষ্টা করে, পরে সবার সহযোগিতায় একজনকে ধরা সম্ভব হয়।

খবর পেয়ে আঠারোবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিজানকে হেফাজতে নেয়।

আঠারোবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আজিজুল হক জানান, আটক যুবকের কাছ থেকে মোট ২২ হাজার ৪০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক তার পরিচয় ও ঠিকানা নিশ্চিত করেছে। তার সঙ্গে থাকা নারীটি পালিয়ে গেছে। তাকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আটক মিজানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here