ময়মনসিংহ দক্ষিণ জেলা জাসাসের বর্ণাঢ্য বৈশাখী সাংস্কৃতিক আয়োজন

0
193

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ | ১৮ এপ্রিল ২০২৬
“নববর্ষের ঐকতানে গণতন্ত্রের পুনরুত্থান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৪৩৩ বঙ্গাব্দের বৈশাখী উৎসব উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে ময়মনসিংহ টাউন হলের শামসুল হক মঞ্চে অনুষ্ঠিত এ আয়োজন ঘিরে দিনভর ছিল উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল জেলা শিল্পকলা একাডেমি, ময়মনসিংহ।

WhatsApp Image 2026 04 18 at 00.57.46 1 1


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন। তিনি তাঁর বক্তব্যে নববর্ষের চেতনায় গণতান্ত্রিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে বলেন, সংস্কৃতির শক্তিকে কাজে লাগিয়ে একটি মানবিক ও গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে হবে। তিনি সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে ইতিবাচক সামাজিক পরিবর্তন আনার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন। তিনি বলেন, “সংস্কৃতি কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং এটি সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী হাতিয়ার।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাসাস ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সাব্বিরুল ইসলাম সাব্বির। সঞ্চালনার পাশাপাশি তিনি সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। এছাড়াও স্থানীয় বিভিন্ন শিল্পীর অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার পাশাপাশি গান, আবৃত্তি ও পরিবেশনায় নববর্ষের আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো টাউন হল প্রাঙ্গণ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়, যা বৈশাখের চেতনাকে নতুনভাবে উদ্ভাসিত করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here