ময়মনসিংহে পহেলা বৈশাখের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য ও বিএনপি নেতার মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগের জেরে পৃথক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুর ও বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে আলাদাভাবে সংবাদ সম্মেলন করেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ এবং উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার তার সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার করে বলেন, পহেলা বৈশাখের অনুষ্ঠানে এমপিকে বাধা দেওয়া বা হামলার কোনো ঘটনা ঘটেনি। তিনি দাবি করেন, একটি সামান্য ঘটনাকে ইচ্ছাকৃতভাবে ভিন্নভাবে উপস্থাপন করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন ছাত্রীর সঙ্গে ধাক্কাধাক্কি থেকে সামান্য উত্তেজনার সৃষ্টি হয়, যা তিনি নিজেই নিয়ন্ত্রণে আনেন এবং এমপিকে নিরাপদে সরিয়ে দেন। এ ঘটনার সত্যতা জানতে সিসি ক্যামেরার ফুটেজ দেখার আহ্বান জানান তিনি।
তিনি আরও অভিযোগ করেন, এলাকায় তার সক্রিয় ভূমিকা ও উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ততা এমপির অপছন্দ হওয়ায় তাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চলছে।
অন্যদিকে, এর আগে একই দিন দুপুরে সংবাদ সম্মেলনে সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ অভিযোগ করেন, তারাকান্দায় পহেলা বৈশাখের অনুষ্ঠানে যোগ দিতে গেলে তাকে বাধা দেওয়া হয় এবং তার সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।
উভয় পক্ষের এমন পাল্টাপাল্টি বক্তব্যে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।




