নীলফামারীতে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত সাত দিনে নীলফামারী জেনারেল হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২৪৩ জন ভর্তি হয়েছেন। এতে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ সরকার বিষয়টি নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়া ২৪৩ জনের মধ্যে ৮০ জনই শিশু। ইতোমধ্যে ২১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, আর বাকিরা চিকিৎসাধীন। শয্যা সংকটের কারণে অনেক রোগীকে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে।
চিকিৎসকদের মতে, হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি, বিশুদ্ধ পানির সংকট এবং অস্বাস্থ্যকর খাবার গ্রহণের ফলে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। পাশাপাশি মৌসুমি জ্বরেও আক্রান্ত হচ্ছেন অনেকে, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা।
এদিকে, হাম রোগের উপসর্গ নিয়ে ছয় শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের আইসোলেশন বিভাগে রেখে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
রোগীর স্বজনদের অভিযোগ, হঠাৎ জ্বর, পাতলা পায়খানা, কাশি ও শরীরে ফুসকুড়ির মতো উপসর্গ দেখা দিচ্ছে। চিকিৎসকরা এসবকে হাম ও ডায়রিয়ার লক্ষণ হিসেবে শনাক্ত করছেন।
ডা. দেবাশীষ সরকার জানান, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইনের সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে। তবে আবহাওয়া পরিবর্তনের কারণে রোগীর সংখ্যা বাড়ছে।
জনসচেতনতা বাড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশুদ্ধ পানি পান, খাবারের আগে হাত ধোয়া এবং উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।




