জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাঁচটি সিটি করপোরেশনে তাদের মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রার্থী করা হয়েছে সাবেক অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে।
রোববার রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
ঘোষিত অন্যান্য প্রার্থীরা হলেন—
- ঢাকা উত্তর সিটি করপোরেশন: আরিফুল ইসলাম আদীব
- কুমিল্লা সিটি করপোরেশন: তারিকুল ইসলাম
- রাজশাহী সিটি করপোরেশন: মো. মোবাশ্বের আলী
- সিলেট সিটি করপোরেশন: আবদুর রহমান আফজাল
এর আগে থেকেই আলোচনা ছিল, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা দক্ষিণে মেয়র প্রার্থী হতে পারেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে পরিচিত আসিফ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করলেও শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেননি।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান, খুব শিগগিরই বাকি সিটি করপোরেশনসহ উপজেলা ও পৌরসভার প্রার্থীদের নামও ঘোষণা করা হবে।
এসময় দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতেই আপাতত সিটি করপোরেশন নির্বাচনকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবিষ্যতে উপজেলা ও পৌরসভা নির্বাচন নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, দলীয় প্রতীকে নির্বাচন হলে সমান সুযোগ নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। প্রতীক না থাকলে প্রভাব খাটানোর সুযোগ কমে এবং তুলনামূলকভাবে একটি “লেভেল প্লেয়িং ফিল্ড” তৈরি হয়।
সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—
- আগামী ছয় মাসের মধ্যে সব পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে
- উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে প্রশাসক নিয়োগ বন্ধ করতে হবে
- প্রশাসক পদে থেকে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবে না
- নির্বাচন কমিশন ও প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে
- দলীয় প্রতীক ছাড়া সংস্কারকৃত অধ্যাদেশ অনুযায়ী নির্বাচন আয়োজন করতে হবে




