ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের মুক্তাগাছায় স্বামীর নির্যাতনে মার্জিয়া আক্তার (১৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলার কুমারগাতা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মার্জিয়া ওই এলাকার মাদেক মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমারগাতা এলাকার কানু মিয়ার ছেলে ও সিভিল সার্জন অফিসের গাড়িচালক স্বাধীন মিয়ার সঙ্গে প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্কের পর পারিবারিকভাবে মার্জিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় মার্জিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন স্বাধীন—এমন অভিযোগ করেছেন নিহতের বাবা মাদেক মিয়া।
তিনি জানান, গত বুধবার (১৮ মার্চ) মার্জিয়াকে মারধর করে তার মোবাইল ফোন ভেঙে ফেলেন স্বাধীন। পরদিন বৃহস্পতিবার (১৯ মার্চ) পুনরায় বেধড়ক মারধরের একপর্যায়ে মার্জিয়ার মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত স্বাধীন মিয়া অত্যন্ত উগ্র প্রকৃতির এবং তিনি প্রায়ই তার বাবা-মাকেও মারধর করে বাড়ি থেকে বের করে দিতেন। ঘটনার দিন সকালে মার্জিয়াকে বাবার বাড়ি থেকে বুঝিয়ে নিজ বাড়িতে নিয়ে এসে পরিকল্পিতভাবে হত্যার পর ঘটনাটিকে বিদ্যুৎস্পৃষ্ট হিসেবে সাজানোর চেষ্টা করা হয় বলেও অভিযোগ উঠেছে।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযুক্ত স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




