ময়মনসিংহ-৪ সদর আসনের ভোট নিয়ে আইনি লড়াই, ব্যালট সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

0
426

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে জামায়াতের প্রার্থী মোহাম্মদ কামরুল আহসানের করা আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই আসনের ব্যালট পেপারসহ সংশ্লিষ্ট সব নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৬ মার্চ) বিচারপতি মোহাম্মদ আলীর একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ আসনে নির্বাচনে বিজয়ী হন বিএনপির প্রার্থী আবু ওয়াহাব আকন্দ। তবে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ফলাফল বাতিলের দাবিতে আদালতে আবেদন করেন জামায়াত প্রার্থী মোহাম্মদ কামরুল আহসান। আদালত প্রাথমিক শুনানি শেষে আবেদনটি গ্রহণ করে পরবর্তী শুনানির জন্য রাখেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৩৫ জনেরও বেশি প্রার্থী নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেন। এসব আবেদন গ্রহণ করে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।

গণপ্রতিনিধিত্ব আদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের অভিযোগের বিষয়ে শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। এই ট্রাইব্যুনালই এসব আবেদন পরবর্তী সময়ে শুনানি করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here