ময়মনসিংহে এন সি পির বিভাগীয় ইফতার পার্টির পরই বকেয়া বিতর্ক: পাওনা না পেয়ে সরব সরবরাহকারীরা, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

0
430

ময়মনসিংহে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র বিভাগীয় ইফতার পার্টিকে কেন্দ্র করে বকেয়া বিল নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনুষ্ঠান শেষ হওয়ার পর কয়েকটি সরবরাহকারী প্রতিষ্ঠান ও শ্রমজীবী সংশ্লিষ্টদের পাওনা অর্থ এখনো পরিশোধ না হওয়ায় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইফতার আয়োজনের জন্য কসাই, চাল-ডাল ও তেল সরবরাহকারী, প্রিন্টিং প্রতিষ্ঠান এবং বাবুর্চিসহ বিভিন্ন খাতের কয়েকজন ব্যবসায়ী ও শ্রমিকের কাছে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বকেয়া রয়েছে। পাওনাদারদের অভিযোগ, অনুষ্ঠান শেষ হওয়ার পর একাধিকবার আয়োজকদের সঙ্গে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত তারা তাদের ন্যায্য পাওনা বুঝে পাননি।
পাওনাদারদের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত সময়ের মধ্যে বিষয়টির সমাধান না হলে তারা বিষয়টি জনসম্মুখে আনতে বাধ্য হবেন। এ লক্ষ্যে তারা একটি যৌথ সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন। তাদের দাবি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বকেয়া পরিশোধ করা না হলে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো বিষয়টি প্রকাশ করা হবে এবং পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
এদিকে ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। সচেতন মহলের অনেকেই মনে করছেন, রাজনৈতিক কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্টদের আর্থিক দায়বদ্ধতা ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি, যাতে এ ধরনের বিতর্ক সৃষ্টি না হয়।
তবে এ বিষয়ে এখনো পর্যন্ত সংশ্লিষ্ট আয়োজক কিংবা এনসিপি’র পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here