জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা আনতে জেলা প্রশাসনকে নির্দেশ

0
224

দেশে জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

রোববার (১৫ মার্চ) এক বার্তায় বিষয়টি জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জ্বালানি সরবরাহে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কৃত্রিম সংকট তৈরি হোক—তা চায় না। জনগণের ভোগান্তি কমাতে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতনভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসনের জন্য প্রতিমন্ত্রীর দেওয়া নির্দেশনাগুলো হলো—

  • প্রতিদিন তেল ডিপোর প্রারম্ভিক ও সমাপনী মজুদ যাচাই করে রিপোর্ট প্রদান।
  • ডিপো থেকে পেট্রোল পাম্পে বরাদ্দকৃত জ্বালানি তেলের নিয়মিত সরবরাহ নিশ্চিত করা।
  • পেট্রোল পাম্প ডিলার, এজেন্সি ডিলার, প্যাকড পয়েন্ট ডিলার ও সরাসরি গ্রাহকদের কাছে সরবরাহ ও বিতরণ কার্যক্রম তদারকি করা।
  • কোনো পেট্রোল পাম্প বন্ধ থাকলে তার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান করা এবং ডিপোর সঙ্গে সরবরাহের হিসাব মিলিয়ে দেখা।
  • অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রোধে কঠোর নজরদারি করা।
  • তেলের ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করা।
  • জ্বালানি তেল পাচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
  • অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রি ঠেকাতে সতর্ক নজরদারি রাখা এবং অপরাধ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।
  • জেলা পর্যায়ে সার্বিক নজরদারি আরও জোরদার করা।

সরকার মনে করছে, এসব নির্দেশনা কার্যকরভাবে বাস্তবায়ন হলে দেশের জ্বালানি তেল সরবরাহ ও বিপণন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here