ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোট ২৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাইয়ে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ), ময়মনসিংহ-৯ (নান্দাইল), ময়মনসিংহ-১০ (গফরগাঁও) ও ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের মনোনয়নপত্র পরীক্ষা করা হয়। এ সময় এসব চারটি আসনে দাখিল করা ৩৫টি মনোনয়নপত্রের মধ্যে ১২টি বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
এর আগে গত দুই দিনে জেলার ময়মনসিংহ-১, ২, ৩, ৪, ৫, ৬ ও ৭ আসনের মনোনয়ন যাচাই-বাছাই শেষে আরও ১৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১১৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ২৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল না করায়, অবশিষ্ট ৯৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন বাতিলের কারণ হিসেবে ত্রুটি, অসম্পূর্ণ কাগজপত্র ও বিধি লঙ্ঘনের বিষয়গুলো উঠে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আপিল করতে পারবেন।




