দীর্ঘ ৪৩ বছর পর বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহ নুরুল কবির শাহিন

0
257

দীর্ঘ ৪৩ বছরের রাজনৈতিক সম্পর্কের ইতি টেনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এবং দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত ব্যক্তিত্ব শাহ নুরুল কবির শাহিন।
রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বরাবর দেয়া এক লিখিত পত্রের মাধ্যমে তিনি দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেন। একই সঙ্গে পদত্যাগপত্রটি বিএনপির মহাসচিব, যুগ্ম মহাসচিব, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা উত্তর বিএনপির আহ্বায়কসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
বর্তমানে তিনি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি এবং ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পদত্যাগপত্রে ‘ব্যক্তিগত অসুবিধা’র কথা উল্লেখ করে তিনি দল ছাড়ার সিদ্ধান্তের কথা জানান।
শাহ নুরুল কবির শাহিন শুধু রাজনীতিবিদই নন, দেশের ক্রীড়া অঙ্গনেও তার রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক উপদেষ্টা, পরিচালক ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান এবং আম্পায়ারিং মূল্যায়ন পর্যালোচনা কমিটির প্রশাসন ও ব্যবস্থাপনার দায়িত্বেও ছিলেন। নিজেও একজন সাবেক ক্রিকেটার হিসেবে ক্রীড়াঙ্গনে তার আলাদা পরিচিতি রয়েছে।
দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা এই হেভিওয়েট নেতার পদত্যাগে ঈশ্বরগঞ্জসহ পুরো ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তার চলে যাওয়া স্থানীয় বিএনপির সাংগঠনিক কাঠামোয় শূন্যতা তৈরি হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here