ময়মনসিংহ-৪ (সদর) আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী এমদাদুল হক মিল্লাত নির্বাচনী তহবিলে সহায়তা চেয়ে ফেসবুকে বিকাশ নম্বর প্রকাশ করে আর্থিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
বুধবার (২৫ ডিসেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে তিনি বলেন, “সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে সিপিবি পথ চলে। নির্বাচনী তহবিলে আপনার সহযোগিতা চাই, যার যার সাধ্য অনুযায়ী দেওয়া অনুদান আমরা সম্মানের সঙ্গে গ্রহণ করব।”

সিপিবি ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি এমদাদুল হক মিল্লাত এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এবং ১৯৯৯ সালে ময়মনসিংহ পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছিলেন। গতকাল সদর উপজেলা নির্বাচন অফিস থেকে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেন।
অনুদানের সাড়া প্রসঙ্গে তিনি বলেন, “২০১৮ সালের নির্বাচনে নগদ টাকায় মানুষের কাছ থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা সহযোগিতা পেয়েছিলাম। এবার বিকাশ নম্বর দিয়েছি। ১০০ টাকা থেকে শুরু করে যে যার সামর্থ্য অনুযায়ী পাঠাচ্ছেন। আশা করি এবার আগের রেকর্ড ভাঙবে।”
তিনি জানান, এবারের নির্বাচনে তার ব্যয় নির্ধারণ করা হয়েছে ১২ লাখ টাকা।





