মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারাদেশের মতো ময়মনসিংহেও কর্মবিরতি শুরু হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ, ময়মনসিংহ–এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে মানবসেবা দিয়ে আসলেও এখনো তাদের ন্যায্য ১০ম গ্রেড বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। সংগঠনের নেতারা জানান, অন্যান্য ডিপ্লোমাধারীদের (প্রকৌশলী, নার্স, কৃষিবিদ) পদোন্নতি হয়ে ১১তম থেকে ১০ম গ্রেড হলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এখনো সেই সুবিধা থেকে বঞ্চিত।
কর্মবিরতির ফলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সরকারি-বেসরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডায়াগনস্টিক সেন্টার, বঙ্গভবন, সচিবালয় মেডিকেল সেন্টারসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সংগঠনের নেতারা জানান, দ্রুত দাবি পূরণ না হলে তারা চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করবেন। তাদের দাবি—বৈষম্য দূর করে দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন এবং মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার নিশ্চিত করা।




